ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনগেন অঞ্চলের বাইরের ৬২টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ বহাল রেখেছে জার্মানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকায় এসব দেশের নাগকিদের সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থানের অনুমতি পাবেন বলে জানিয়েছে গালফ নিউজ।
অনুমোদিত সরকারি তালিকা অনুযায়ী, যোগ্য ভ্রমণকারীরা যে কোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিনের জন্য পর্যটন, ব্যবসায়িক সভা কিংবা পারিবারিক পরিদর্শনের উদ্দেশ্যে ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে এই স্বল্পকালীন ভিসামুক্ত সুবিধার অধীনে দেশটিতে কোনো ধরনের কর্মসংস্থান বা চাকরিতে যোগ দেওয়া যাবে না।
তবে এই ৬২ দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম। ফলে বাংলাদেশি নাগরিকদের জার্মানি ভ্রমণের ক্ষেত্রে আগের মতোই প্রযোজ্য ভিসা নিতে হবে।
ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশের জন্য যোগ্য দেশগুলো- আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ইসরায়েল।
এই তালিকায় আরও রয়েছে জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস এবং সিঙ্গাপুর।
এ ছাড়া সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলার নাগরিকরা জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবে।

