ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই গণহত্যার বিচার দাবি

ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৪ এএম

জুলাই গণহত্যার বিচার দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। জুলাই নিয়ে কোনো ধরনের বিচারহীনতা চলবে না বলেও মিছিল থেকে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, মল চত্বর ও ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শিক ভেদাভেদ থাকতে পারে; কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছিÑ এই সমাবেশে সেটা প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের (আওয়ামীপন্থি) নীল দলের সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে পড়ানোর সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসী হামলা করেছিল, তাদের সবার সনদ এবং ছাত্রত্ব বাতিল করতে হবে।’

সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘জুলাইকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; জুলাইকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আর জুলাইকে ধারণ করার অর্থ হলো, গত দেড় দশকের বেশি সময় চালানো নির্মম নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ও বাক্স্বাধীনতা হরণের ইতিহাসকে স্মরণ রাখা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া।’ ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘যে ফ্যাসিস্ট শক্তি জনগণের অধিকার হরণ করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অটুট। এই সমাবেশ থেকে আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, জুলাইয়ের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার দ্রুত কার্যকর করা হোক এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হোক।’

সমাবেশে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘আমরা বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই নিয়ে কোনো বিচারহীনতা চলবে না। আপনারা এরই মধ্যে গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, দ্বিতীয়বার আর কোনো প্রতারণার সুযোগ আপনাদের দেওয়া হবে না।’ অবিলম্বে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবি জানান ছাত্রশক্তির এই নেতা।