ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৫ এএম

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে। গত বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা-পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এ বিভাগের পাঁচ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। এর মধ্যেই রাতে ফের এসব পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, ‘সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়ায় অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম বোর্ড এবং এই বিভাগের পাঁচ জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

চট্টগ্রাম বোর্ড ছাড়া আজ শনিবার বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ভূগোল দ্বিতীয় পত্র ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা আছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এদিন এইচএসসি বিএমটির মার্কেটিং নীতি ও প্রয়োগ ১ ও ২, ভোকেশনালের ট্রেড ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের শর্ট হ্যান্ড ১ ও ২ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে।

বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এবার চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষাও পেছানোর দাবি উঠেছিল। এ দাবিতে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলে। এর মধ্যে একদল আন্দোলনকারী সংসদ এলাকায় প্রবেশ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার মুখেও পড়েন। সেদিন আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। তবে সরকার চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি এলকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।