ইমদাদুল হক
শূন্যতার প্রতিধ্বনি
হারিয়ে যেতে চাই,
অভিযোগের ভারে নুয়ে পড়া শব্দগুলো ফেলে রেখে,
অনুযোগের কাঁটা বিঁধে থাকা সময়কে বিদায় জানিয়ে।
না পাওয়ার বেদনাগুলো নিস্তব্ধ নদীর জলে ভাসিয়ে দিতে চাই,
যেখানে কোনো প্রতিধ্বনি ফিরে আসে না।
হারিয়ে যাওয়ার মাঝে এক অদ্ভুত শান্তি আছে,
যেন অস্তগামী সূর্যের ক্লান্ত নিঃশ্বাস,
যেখানে রংগুলো মিশে যায় অস্তিত্বের গোধূলিতে।
কেউ প্রশ্ন করে না, কেউ উত্তর খোঁজে না,
ভালোবাসাও থাকে, কিন্তু সে আর দাবি করে না,
সে নিঃশব্দে পাশে বসে থাকে, হাত না ছুঁয়েও স্পর্শের মতো।
প্রেম থাকে, কিন্তু সে আর অধিকার চায় না,
সে শুধু অস্তিত্বের ভেতর দিয়ে নদীর মতো বয়ে যায়।
তবুও, কখনো কখনো এই হারিয়ে যাওয়ার গভীরে
একটি পৈশাচিক আনন্দ জেগে ওঠে,
যেন সব ভেঙে ফেলার নেশা,
নিজেকেই ধ্বংস করে ফেলার এক গোপন তৃপ্তি।
যেখানে আমি আর আমি নই,
আমি হয়ে যাই শূন্যতার অনন্ত প্রতিধ্বনি।
এই হারিয়ে যাওয়া কোনো পালানো নয়,
বরং এক রূপান্তর,
যেখানে মানুষ নিজেকেই হারিয়ে নতুন এক সত্তার জন্ম দেয়।
তাই হারিয়ে যেতে চাই, মাঝে মাঝে
নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র পথ
নিজেকেই হারিয়ে ফেলা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন