দুলাল বড়ুয়া
শুভ বুদ্ধ পূর্ণিমা
শুভ বৈশাখী পূর্ণিমা তথা শুভ বুদ্ধ পূর্ণিমা,
ত্রি-স্মৃতি বিজড়িত, আলোয় ভরা এ মহিমা।
তথাগত বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ,
এই দিনে ধন্য হলো, বিশ্বজগৎ ও অম্লান।
শাক্য বংশের রাজ পরিবারে,
কপিলাবস্তুর লুম্বিনী কাননে,
জন্ম নিলেন সিদ্ধার্থ গৌতম,
শুভ বৈশাখী পূর্ণিমার দিনে।
মোহ-মায়া ফেলে, রাজবেশ ত্যজিয়া,
খুঁজতে সত্য, মুক্তির পথ;
দুঃখের অবসান, নির্বাণ সন্ধানে,
সিদ্ধার্থের যাত্রা, অনন্ত শাশ্বত।
গয়ার বোধিদ্রুমমূলে বসে,
ছয় বছর কঠোর সাধনা শেষে;
শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে,
অর্জন করেন বোধি বা বুদ্ধত্ব লাভ।
চারি আর্যসত্য ও আর্য অষ্টাঙ্গিক মার্গ,
দুঃখের বিনাশে বুদ্ধের নির্বাণ।
অহিংসা পরম ধর্ম-নির্বাণ পরম সুখ,
জানালেন বাণীতে,
সুখ আসুক জগতের সকল প্রাণীতে।
জ্ঞানের আলোয় জগত আলোকিত করে,
কুশিনগরের শালবৃক্ষের সুশীতল ছায়াতে;
শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে,
লাভ করলেন মহাপরিনির্বাণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন