শহরের ব্যস্ত জীবনে অনেকেই এখন ছাদ বা বারান্দায় ছোট্ট বাগান গড়ে তুলছেন। বাজার থেকে সবজি কেনা সহজ হলেও নিজের হাতে ফলানো টাটকা সবজি খাওয়ার আনন্দ আলাদা। বিশেষ করে গরমের সময়ে কিছু সবজি খুব সহজেই বারান্দার টবে চাষ করা যায়। অল্প যতেœই মিলবে ভালো ফলন। চলুন জেনে নেওয়া যাক, গরমকালে বারান্দার টবে কোন কোন সবজি চাষ করতে পারবেন সহজেই।
বেগুন
বারান্দার টবে বেগুন চাষ এখন বেশ জনপ্রিয়। দোআঁশ ও ঝুরঝুরে মাটি বেগুন গাছের জন্য উপযুক্ত। গরমে চারা লাগালে দুপুরের অতিরিক্ত রোদ থেকে কিছুটা আড়াল দেওয়া ভালো। টবে জৈব সার ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয়। নিয়মিত পানি ও সামান্য পরিচর্যায় দীর্ঘদিন বেগুন পাওয়া যায়।
লাউ
গরম ও বর্ষা দুই মৌসুমেই লাউ ভালো জন্মায়। বড় টব বা ড্রামে লাউয়ের চারা লাগানো সবচেয়ে ভালো। মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নিলে গাছ দ্রুত বাড়ে। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ প্রয়োজন। নিয়মিত পানি দিতে হবে, তবে টবে যেন পানি জমে না থাকে। লাউগাছের জন্য মাচা তৈরি করলে ফলন আরও ভালো হয়।
টমেটো
অনেকে মনে করেন টমেটো শুধু শীতকালীন সবজি। তবে গরম সহনশীল কিছু জাতের টমেটো এখন গ্রীষ্মেও চাষ করা যায়। মাঝারি আকারের টবে চারা লাগিয়ে নিয়মিত পানি ও জৈব সার দিলেই গাছ ভালো থাকে। টমেটো গাছ বেড়ে উঠলে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া ভালো।
কাঁচামরিচ
কম জায়গায় চাষ করার জন্য কাঁচামরিচ দারুণ একটি সবজি। ছোট টবেও সহজে মরিচ গাছ বেড়ে ওঠে। দিনে কয়েক ঘণ্টা রোদ পেলেই ভালো ফলন হয়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। পোকামাকড়ের আক্রমণ হলে নিমতেল স্প্রে করলে উপকার পাওয়া যায়।
ঢ্যাঁড়শ
গরমের জন্য সবচেয়ে উপযোগী সবজিগুলোর একটি হলো ঢ্যাঁড়শ। এই গাছ খুব দ্রুত বড় হয় এবং বেশি যতœও লাগে না। বড় টব বা গ্রো ব্যাগে সহজেই চাষ করা যায়। প্রতিদিন পর্যাপ্ত রোদ ও নিয়মিত পানি দিলে অল্প সময়েই ফলন পাওয়া যায়।
পুঁইশাক
বারান্দার বাগানের জন্য পুঁইশাক বেশ ভালো একটি বিকল্প। গরমে দ্রুত বাড়ে এবং খুব সহজে পরিচর্যা করা যায়। একটি মাঝারি টবেই পুঁইশাকের লতা ছড়িয়ে পড়ে। মাচা দিলে গাছ সুন্দরভাবে বাড়ে এবং নিয়মিত পাতা সংগ্রহ করা যায়।
কিছু জরুরি টিপস
গরমে টবে সবজি চাষ করতে হলে সকালে বা বিকেলে পানি দেওয়া ভালো। অতিরিক্ত রোদে মাটি দ্রুত শুকিয়ে যায়, তাই নিয়মিত খেয়াল রাখতে হবে। জৈব সার ব্যবহার করলে গাছ স্বাস্থ্যবান থাকে এবং ফলনও বাড়ে।
পাশাপাশি টবের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
অল্প জায়গা আর সামান্য যতেœই বারান্দাকে সবুজে ভরিয়ে তুলতে পারেন। নিজের হাতে ফলানো টাটকা সবজি যেমন স্বাস্থ্যকর, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়।

