কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় রেজিস্ট্রার জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ডাকাত বাহিনীর প্রধান নুর কামাল নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুর কামাল ওই আশ্রয়শিবিরের সি ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নুর কামালকে উদ্ধার করে আশ্রয়শিবিরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত শুক্রবার ভোররাতে ক্যাম্পের আই ব্লকে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনার পর থেকে আশ্রয়শিবিরে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশ্রয়শিবিরটিতে প্রায় ৩৬ হাজার রোহিঙ্গার বসবাস।
এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার ভোররাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল নিহত হন।
তিনি আরও জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী। নিজের নামের বাহিনী গড়ে তোলে নুর কামাল রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করে আসছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নুর কামাল নামের এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। আশ্রয়শিবিরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন