কক্সবাজারে বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ ও সামরিক গোয়েন্দা কর্মকর্তা রেজোয়ানুল হক হত্যা মামলার অন্যতম আসামি মো. জাহিদ হোসেন ওরফে লালুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকায় একটি চায়ের দোকান থেকে আরসার কমান্ডার হিসেবে পরিচিত লালুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার লালু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তাকে মাস্টার মুহিবুল্লাহ হত্যাসহ সামরিক গোয়েন্দা কর্মকর্তা রেজোয়ানুল হক হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি হিসেবে তদন্ত সংস্থা তালিকাভুক্ত করেছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আরসা নেতা জাহিদ হোসেন ওরফে লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিলেন। সাবেক আরসা-প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে ক্যাম্পে সংঘটিত একাধিক হত্যাকা-ের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও রয়েছে।
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ক্যাম্পের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় তিনি পুনরায় সক্রিয় হয়ে উঠছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, লালুর গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত দুটি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে এবং ক্যাম্পে সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত করতে সহায়ক হবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আদালতে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি চলছে।
উখিয়া থানার ওসি নুর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা জাহিদ হোসেনকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন