ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:০৭ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী বলছেন, ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় ৫-৬ জন ছিনতাইকারী দুই পথচারীর পথরোধ করেন। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেন। খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যান। ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়েন। তখন তাদের দুজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।