সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সদ্য পদায়ন পাওয়া অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। গতকাল বুধবার বিদায়ি সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগাত্ উল্লাহার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একই দিনে সিআইডি থেকে সংবর্ধনার মাধ্যমে বিদায় নেন সাবেক প্রধান সিবগাত উল্লাহ।
সিআইডি জানিয়েছে, গতকাল বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে গত সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিআইডি জানিয়েছে, ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। সিআইডির প্রধান হিসেবে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং কুষ্টিয়া, ভোলা, শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে তিনি মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় অর্জন করেন। আন্তর্জাতিক পরিম-লেও তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত জীবনে তিনি অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে ইএমবিএ এবং অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে ম্যাকপিএম (গঅঈচগ) ডিগ্রি অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, যা তাকে আধুনিক ও সময়োপযোগী নেতৃত্ব প্রদানে সক্ষম করে তুলেছে।
নবাগত সিআইডি প্রধান তার বক্তব্যে বিদায়ি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহর নেতৃত্বে সিআইডির যে দৃশ্যমান অগ্রগতি ও ব্র্যান্ডিং অর্জিত হয়েছে, তা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিদায়ি প্রধানের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন