অর্থোডক্স খ্রিষ্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই সময়ে ‘সব দিকে’ যুদ্ধবিরতি বজায় রাখতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার সেনাদের নির্দেশ দিয়েছেন।
বিবিসি লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি বারবার যুদ্ধবিরতি চেয়ে এলেও তাতে কর্ণপাত করেনি ক্রেমলিন। সেই তারাই শনিবার মস্কো সময় বিকেল ৪টা থেকে ইস্টার সানডে শেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি দিয়ে বসে। এই ঘোষণা দিয়ে পুতিন বলেন, ইউক্রেনও ‘রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে’ বলে তিনি আশা করছেন। পরে জেলেনস্কি এক্সে জানান, কিয়েভ ‘একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত’।
‘হুমকিমুক্ত এবং শান্তির দিকে সত্যিকারের অগ্রযাত্রার একটি ইস্টার লোকজনের প্রয়োজন। ইস্টারের পরও ফের হামলা না করার সুযোগ রাশিয়ার রয়েছে।’ বলেছেন তিনি।
দিন কয়েক আগে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছিলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইস্টারের ছুটির সপ্তাহান্তে যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোকে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন।
যুদ্ধের যে কোনো বিরতিই ইউক্রেনের পূর্বাঞ্চলের দীর্ঘ রণাঙ্গনজুড়ে থাকা সৈন্যদের জন্য স্বস্তির পরশ হয়ে আসার কথা, যেখানে ড্রোন থেকে বাঁচতে দিনরাত হয়রান হচ্ছে তারা।
রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা এবং বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন এখন ইউক্রেনের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এই বিরতিতে তারাও খানিকটা হাঁপ ছাড়তে পারবে। সপ্তাহান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসার কিছুক্ষণ পরই কিয়েভে সাইরেন বেজে ওঠে। শনিবার স্থানীয় সময় বিকেলে যুদ্ধবিরতি কার্যকর হলেও কতক্ষণ টেকে তা নিয়ে ইউক্রেনীয়দের সন্দেহ আছে।
তারা বলছে, চলতি বছরের শুরুর দিকে রাশিয়া তীব্র শীতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে না জানিয়ে ‘জ¦ালানি খাতে যুদ্ধবিরতির’ ঘোষণা দিলেও সেই বিরতি বেশি সময় থাকেনি। তারপর মস্কো তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন করে বড় হামলা চালায়। ইউক্রেন চাইছে, যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে একটি পূর্ণাঙ্গ ও স্থিতিশীল যুদ্ধবিরতি। অন্যদিকে মস্কো প্রথমেই শান্তিচুক্তিতে সম্মত হওয়ার ওপর জোর দিচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা বৈঠকও হয়েছে। সেসব বৈঠকে কোনো ফল আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোযোগ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিলে আলোচনার প্রক্রিয়াও থমকে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন