খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হয়েছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ফুল বিঝু’ উৎসব। গতকাল রোববার ভোরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাইনী নদীর তীরে জড়ো হন। পরে নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়েই শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরাতন বছরের দুঃখ-কষ্ট ও গ্লানি বিদায় জানিয়ে নতুন বছরের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং দেশ-জাতির মঙ্গল কামনায় অংশগ্রহণকারীরা ফুল ভাসান। উৎসবে অংশ নিয়ে মনিষা চাকমা বলেন, ‘পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় আমরা ফুল ভাসিয়েছি। ফুল বিঝু আমাদের ঐতিহ্য। এটি আমাদের মিলনমেলাÑ সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি।’
বিঝু উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক ও কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ফুল বিঝু চাকমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সব বয়সের মানুষ এতে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত তানজিল পারভেজ বলেন, বিঝু শুধু চাকমা সম্প্রদায়ের নয়, এটি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের সার্বজনীন উৎসব। আয়োজকরা জানান, আগামীকাল উদযাপিত হবে মূল বিঝু। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শুরু হচ্ছে ত্রিপুরাদের বৈসু ও মারমাদের সাংগ্রাই উৎসব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন