পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত ডিজেল পরে সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। গত রোববার দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বেড়া উপজেলার কাজিরহাট বাজারে আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুটির মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। গতকাল সোমবার সকাল থেকে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন