কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। নিহত আইয়ুব আলী সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় আহত অটোরিকশার আরও দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন