ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:৫৩ এএম

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মিয়ানমারে পাচারকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত মঙ্গলবার ভোরে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। সে সময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের আট বোতল বিদেশি মদসহ ১০ মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে গতকাল বুধবার মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এসময় একটি নৌকা তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দাসহতিনজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত নৌকা এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।