গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরি বেড়েছে। গতকাল ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।
ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। শনিবার মধ্যরাতে পিকআপ ভ্যান নিয়ে চোর এলাকায় প্রবেশ করে। তারা গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পান এবং একত্রিত হয়ে ধোলাই দেন। পরে খবর দিলে পুলিশ আসে।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় জনতা। এতে ওই তিনজনই মারা গেছেন। আরও কয়েকজন চোর ছিল, তারা পালিয়ে গেছেন। তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন