বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা আরও জোরদার করতে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়ন কর্মসূচি এবং ভবিষ্যৎ অপারেশনাল চাহিদা বিবেচনায় নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৪ সালের ৩০ জুন কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতার এই ফ্লোটিং ক্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন প্ল্যাটফর্মটি জেটি ও সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে।
এছাড়া ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম এবং বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর ও প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম অধিক দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে সম্পাদনে ক্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত ‘বিএনএফসি বলীয়ান’ দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ। নৌবাহিনীর মতে, নিজস্ব সক্ষমতায় নির্মিত এই ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
একই সঙ্গে এটি জাতীয় প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিইডব্লিউ বিভিন্ন সামুদ্রিক প্ল্যাটফর্ম নির্মাণ করে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন