ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরগুনায় ট্রেইনি কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার দৃষ্টান্ত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:২৯ এএম

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বরগুনা জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মাত্র ৬০ টাকা খরচে অনুষ্ঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় জেলা থেকে ১৬ জন তরুণ এবং ১ জন তরুণীসহ মোট ১৭ জন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ পেয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বরগুনা পুলিশ লাইনস ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। ফলাফল ঘোষণার আগে উপস্থিত নিয়োগপ্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, উন্নত দেশের মতো পুলিশ বাহিনীকে গড়ে তোলার লক্ষ্যে জনগণের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে ‘সেবার ব্রত’ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সফলদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় মোট ২৮০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ৩৫ জন ভাইভায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৭ জনকে নির্বাচিত করা হয়। গত ২১ এপ্রিল থেকে ৮২৪ জন প্রার্থীর শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে  নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যরা, বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াকে বরগুনায় একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।