ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সুপারিসহ আটক ৬

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৩৮ এএম

পটুয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গত শনিবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া সুপারির বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।