সিলেট অঞ্চলে মাত্র পাঁচদিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনা, রক্তক্ষয়ী সংঘর্ষ ও পারিবারিক কলহের জেরে সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৭ থেকে ৩১ মের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একের পর এক ঘটে যাওয়া এসব সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সিলেটে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিটি হত্যাকা-ের ঘটনায় মামলা দায়ের এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোয় নজরদারি বাড়ানো হয়েছে।
জানা গেছে, গত ২৮ মে রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় একটি দ্রুতগামী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩০ মে বিকালে জৈন্তাপুর উপজেলাধীন সিলেট-তামাবিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সময়ে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট ও সুনামগঞ্জের একাধিক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৯ মে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দুদল গ্রামবাসীর মধ্যে জমির সীমানা নিয়ে পূর্বশত্রুতার জেরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। গত ৩১ মে সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায় একটি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া গত ৫ দিনে সিলেটে কয়েকটি পরিকল্পিত ও আকস্মিক হত্যাকা-ের ঘটনাও ঘটেছে, যা স্থানীয় প্রশাসনকে বেশ ভাবিয়ে তুলেছে। এর মধ্যে গত ২৭ মে রাতে বিয়ানীবাজার উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, স্থানীয় একটি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এই হত্যাকা- ঘটেছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। মে মাসের শেষ দিনে সিলেটের গোয়াইনঘাট এলাকায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার আপন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক।
পরপর ঘটে যাওয়া এসব সহিংসতা ও দুর্ঘটনার বিষয়ে সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিটি অপরাধের ঘটনায় সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোতে হাইওয়ে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

