অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেলেন মো. আতাউর রহমান খান। গত ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত ১ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন আতাউর রহমান খান।
মো. আতাউর রহমান খান এনডিসি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত সচিব (পুলিশ) পদে কর্মরত ছিলেন। মো. আতাউর রহমান খান বিসিএস ১৮তম ব্যাচের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইএমই বিভাগ, বেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বিভিন্ন সেক্টর ডিভিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালনকালে দেশে ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদারকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আতাউর রহমান খান যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ বিশ্বের আরও কয়েকটি দেশে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়, নেগোসিয়েশন টেকনিক, ফরেন ট্রেড ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি পেশাগতভাবে দক্ষ হয়েছেন। আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে ১ম শ্রেণিতে বিএসসি (অর্নাস) ও ১ম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপান সরকারের যৌথ অর্থায়নে জাপানের জাতীয় স্নাতক নীতি অধ্যয়ন ইনস্টিটিউট থেকে তিনি পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। কোর্স অধ্যয়নের মাধ্যমে তিনি উন্নয়ন অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্সসহ (ওডিএ) আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটিতে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। স্বীকৃত জার্নালে তার দুটি আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাগত জ্ঞান কাজে লাগিয়ে তিনি তার বর্ণাঢ্য কর্মকালে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য হ্রাস, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানিসক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন, যা ভূয়সী প্রশংসার দাবিদার। আতাউর রহমান খান ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা থেকে সফলভাবে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি সম্পন্ন করেছেন, যা তাকে জাতীয় নিরাপত্তা ও দেশের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল পদে নেতৃত্ব প্রদানে সক্ষম করেছে। সরকারের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। আতাউর রহমান খান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাযিকান্দি ইউনিয়নের তপাদারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার সহধর্মিণী ড. নাহিদা ফরিদী বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের একজন সদস্য। তাদের একমাত্র কন্যা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে দেশে একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

