বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বেশি দিন বাকি নেই। কিন্তু তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা যেন কিছুতেই কাটছে না। মিশরের বিপক্ষে আজ শনিবারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচটি খেলতে সেলেসাও দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও দলের সঙ্গে যাননি নেইমার। কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এই মুহূর্তে নিউজার্সিতেই থেকে গেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেখানে তার জন্য আলাদা পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড ভ্রমণ করছেন না। তিনি নিউজার্সিতে থেকে নিয়মিত ফিজিওথেরাপি নেবেন এবং তার শারীরিক অবস্থা পুনরুদ্ধার বা রিকভারি কার্যক্রম আরও জোরদার করবেন। চিকিৎসকেরা জানান, নেইমারের চোটটি মূলত ‘গ্রেড টু কাফ স্ট্রেইন’, যেখানে সাধারণত পেশি আংশিক ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এ কারণেই বিশ্বকাপের মতো বড় মঞ্চের ঠিক আগে তার ব্যাপারে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিলের কোচিং স্টাফ। প্রস্তুতি ম্যাচে খেলানোর চেয়ে দলের সেরা তারকাকে পুরোপুরি ফিট করে তোলাকেই এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অবশ্য ব্রাজিল শিবির এখনই আশা হারাচ্ছে না। প্রধান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নেইমার সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন। সেই ম্যাচ দিয়েই ২০২৬ বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশন শুরু করবে সেলেসাওরা। দীর্ঘদিন ধরে চোট, বয়স ও পুনর্বাসনের চক্করে নেইমারের মাঠে ফেরার পথ বারবার বাধাগ্রস্ত হলেও বিশ্বকাপের মতো আসরে তার অভিজ্ঞতা ও মাঠের সৃজনশীলতা ব্রাজিলের জন্য এখনো অপরিসীম।
কাগজে-কলমে গ্রুপ পর্বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল পরিষ্কার ফেভারিট হলেও বিশ্বমঞ্চে শুরুটা ভালো করা যেকোনো দলের জন্যই জরুরি। সেলেসাওদের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো কিংবা রাফিনিয়াদের মতো একঝাঁক প্রতিভাবান তারকা থাকলেও নেইমারের উপস্থিতি দলে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা যোগ করে। তিনি শুধু আক্রমণভাগের মূল ভরসাই নন, সেট-পিস ও বড় ম্যাচের চাপ সামলানোর অন্যতম প্রধান অস্ত্র। তাই মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার অনুপস্থিতি যতটা না ভাবাচ্ছে, তার চেয়ে অনেক বেশি উদ্বেগ তৈরি করেছে বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে। আপাতত ক্লিভল্যান্ডে যখন মিশরের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে ব্রাজিল, তখন নিউজার্সিতে চলবে নেইমারের ফিটনেস ফিরে পাওয়ার একক যুদ্ধ। আর সেলেসাও ভক্তদের নজরও এখন তার চোটের সর্বশেষ আপডেটের দিকে।

