ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন ব্রাদার্স ক্রিকেটারদের

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০৬ এএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। চুক্তির পাওনা টাকা না পাওয়ায় গতকাল শুক্রবার লিগের ম্যাচ বর্জন করেন দলটির ক্রিকেটাররা। বিকেএসপিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ব্রাদার্সের ক্রিকেটাররা মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান। ফলে নিয়ম অনুযায়ী ব্রাদার্স ইউনিয়ন ম্যাচটি খেলতে না আসায় প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্রাদার্সের একাধিক ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করে জানান, ক্লাবের সঙ্গে চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষ বাকি টাকা দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। ক্রিকেটারদের দাবি, ঈদুল আজহার আগেই তাদের অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এই দাবিতে গত বৃহস্পতিবার রাতেও তারা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু আজ ম্যাচের আগে পর্যন্ত কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত ম্যাচ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা।

ম্যাচের দায়িত্বে থাকা রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম জানান, ব্রাদার্সের ক্রিকেটাররা নির্ধারিত সময়ে খেলোয়াড়দের তালিকা জমা দেননি এবং টসেও অংশ নেননি। তিনি ও অগ্রণী ব্যাংকের অধিনায়ক মাঠে আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করার পর নিয়ম অনুযায়ী ব্রাদার্সকে অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও ব্রাদার্সের কোনো ক্রিকেটার মাঠে না নামায় ম্যাচ রেফারি অগ্রণী ব্যাংককে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) দাবি করেছে, এই ঝামেলার বিষয়টি ক্লাব কিংবা ক্রিকেটার কোনো পক্ষই আগে থেকে তাদের জানায়নি। আগে জানলে তারা হয়তো একটি ব্যবস্থা নিতে পারত। তবে সিসিডিএম স্পষ্ট করে দিয়েছে যে, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে তাদের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণভাবে ক্লাব ও ক্রিকেটারের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির বিষয়। ঘটনার পর ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি লিগে মাঠের পারফরম্যান্সেও চরম বিপর্যয়ে আছে ব্রাদার্সÑ ৯ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পাওয়ায় এবার তাদের রেলিগেশন বা টুর্নামেন্ট থেকে অবনমনের শঙ্কা আরও তীব্র হলো।