ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

বিশ্বকাপে গ্যালারিতে নিষিদ্ধ ভুভুজেলা

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০৫ এএম

ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে ভুভুজেলা বাজিয়ে দর্শকদের মাতামাতি করার দিন এবার শেষ হতে চলেছে। আসন্ন এই মেগা আসরে গ্যালারিতে প্রচ- শব্দ করতে সমর্থ এই বাঁশি বাজানোর কোনো সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১৬টি ভেন্যুর কোনোটিতেই ভুভুজেলা নিয়ে প্রবেশ করা যাবে না। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্প্রতি তাদের স্টেডিয়াম আচরণবিধি প্রকাশ করেছে, যেখানে ভুভুজেলা বাজানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

ভুভুজেলা নামটা শুনলেই ফুটবলপ্রেমীদের মনে পড়ে যায় ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা। সেবার স্বাগতিকদের প্রতিটি ম্যাচে গ্যালারি কাঁপানো লম্বা প্লাস্টিকের এই বাঁশি পুরো বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। মৌমাছির ঝাঁকের মতো তীব্র একঘেয়ে আওয়াজ তোলা এই বাঁশি যেমন অনেকের কাছে উৎসবের প্রতীক ছিল, তেমনি কান ঝালাপালা করা শব্দের কারণে এর তুমুল সমালোচনাও হয়েছিল। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে ফিফা কড়া নিয়ম জারি করেছে। শুধু ভুভুজেলাই নয়, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে এমন যেকোনো ধরনের যন্ত্র বা বাদ্যযন্ত্র স্টেডিয়ামে নেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি গ্যালারি থেকে মাঠে লেজার রশ্মি ছড়ানো বা লেজার পয়েন্টার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকছে।

শব্দদূষণ রোধের পাশাপাশি দর্শকের পোশাক ও আচরণের বিষয়েও এবার কঠোর অবস্থান নিয়েছে ফিফা। নতুন আচরণবিধি অনুযায়ী, গ্যালারিতে কেউ শরীরে রং মেখে বা ট্যাটু এঁকে চলে এলে সেটিকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন কিংবা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানোর মতো উচ্ছৃঙ্খল আচরণ কঠোরভাবে দমন করা হবে। এছাড়া নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে দর্শকদের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই আচরণবিধির যে কোনো একটি নিয়ম কেউ অমান্য করলে তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। আর যদি ভেতরে ঢোকার পর নিয়ম ভাঙেন, তাহলে তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে।