ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বললেন মির্জা ফখরুল

বাজেটে নতুন বাংলাদেশ গড়ার পদক্ষেপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:২৯ এএম

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১১ জুন ঘোষিত হতে যাওয়া জাতীয় বাজেটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। গত সোমবার রাতে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাজেটকে ঘিরে সরকার আশাবাদী। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করতে এতে নতুন উদ্যোগ প্রতিফলিত হবে। তিনি বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তবে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর সংকটময় পরিস্থিতিতে তিনি দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন। কৃষি, অর্থনীতি, রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থানে তার নেওয়া উদ্যোগ দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ আরও অনেকে বক্তব্য দেন।