বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। মাসব্যাপী এ অভিযানে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩৯৮ ভারত ও মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৯২ জন বাংলাদেশিকেও। গতকাল বুধবার বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, মে মাসে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় ও ৩৯২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মে মাসে সীমান্তে অবৈধ অস্ত্রের মধ্যে ১টি বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। এ ছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২ হাজার ৩৭ ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ হাজার ৯০০টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ বা ট্যাবলেট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন