রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরি মেরে হত্যার মামলায় দুই আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। আসামিদের মধ্যে রিয়াজুল হাসানকে পাঁচ দিনের এবং আল আমিন মাহিনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
গত সোমবার রাত ৮টার দিকে সালিশের কথা বলে মৌচাকের আনারকলি মার্কেটসংলগ্ন এলাকায় ডেকে নিয়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন গত মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। খুনের ঘটনায় সোমবার রাতেই ঢাকা থেকে আল আমিনকে ও রিয়াজুলকে মুন্সীগঞ্জ থেকে আটক করে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকাশের বিষয়ে দিদারুল কথা বলবে জানিয়ে বিল্লালকে আনারকলি মার্কেটের পেছনে ডেকে নেয়। দিদারুলসহ অন্য আসামিরা রাত পৌনে ৮টার দিকে বিল্লালের ওপর হামলা চালায় ও মারধর করে। একপর্যায়ে দিদারুলের নির্দেশে রিয়াজুল ছুরি দিয়ে বিল্লালের বুকে আঘাত করে। আকাশকেও মারধরা করে আহত করা হয়। আকাশের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এরপর বিল্লালকে প্রথমে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে মারা যান বিল্লাল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন