যশোরের চৌগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল আহমেদ রানা নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ (৪০) ওই গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধের জেরে এদিন সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে বাবু ও সুমন ইউসুফ এবং একই গ্রামের কাশেমসহ অজ্ঞাত আরও ছয়জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করেন, গতকাল সকালে তিনি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

