ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিনা মূল্যে রেল ভ্রমণের সুযোগ পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩৩ এএম

সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় ৬৫ বছরের বেশি বয়সি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিনা মূল্যে রেল ভ্রমণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে মেট্রোরেলে ভাড়া দিতে হবে। সে ক্ষেত্রে জ্যেষ্ঠ নাগরিকেরা ২৫ শতাংশ ছাড় পাবেন। এসব সুযোগ রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বহুল আলোচিত ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সুরক্ষা ভাতার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই অংশেই ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য রেল ভ্রমণে এই সুবিধার কথা বলা হয়েছে।

এদিকে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার প্রস্তাব অনুসারে, মেট্রোরেল সেবার ওপর মূসক (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ২০২২ সালের ডিসেম্বরে চালুর পর থেকে এ সেবার ওপর ভ্যাট আরোপ করেনি। এরপর ২০২৪ সালের জুলাই মাসে ভ্যাট কার্যকরের চেষ্টা চালায় এনবিআর। কিন্তু যাত্রীদের প্রতিবাদ এবং সরকারি উদ্যোগের কারণে তা শেষ পর্যন্ত আরোপ করা হয়নি। পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে আসছে এনবিআর। সর্বশেষ ডিসেম্বরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট দিয়েছিল সংস্থাটি।