ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বাড়ল ইসির বরাদ্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৪০ এএম

স্থানীয় সরকার নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই অঙ্ক তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে ইসির জন্য বরাদ্দ রাখা ৪ হাজার ৪০০ কোটির মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা। আর ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উন্নয়ন ব্যয়ে। বরাদ্দকৃত অর্থের বেশির ভাগ স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় হবে বলে আশা করা হচ্ছে।

গেল অর্থবছরে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা। ২২৯ কোটি ৫ লাখ টাকা ছিল উন্নয়ন খাতে। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেট দাঁড়ায় ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ইসির জন্য পরিচালনা খাতে বরাদ্দ ছিল ৭৯৩ কোটি টাকা। উন্নয়ন খাতে ছিল ৪৩৭ কোটি টাকা।

নতুন অর্থবছরে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ভোটের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এরই মধ্যে বলেছেন, কোন নির্বাচন আগে হবে, তা নির্ভর করছে (সরকারের সঙ্গে) আলোচনা সাপেক্ষে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ভোটের উপযুক্ত সময়। ভোটের ব্যয়ে কখনো অর্থ সঙ্কুলানে ঝামেলা হয় না, যখন যা দরকার সরকার তা বরাদ্দ দেয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হবেÑ কোন নির্বাচন কবে হবে।

আগামী অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ স্তরের ভোটের পরিকল্পনা রয়েছে ইসির। এর মধ্যে স্থানীয় সরকারের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা ও ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ নির্বাচন উপযোগী রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ইসির মূল কাজের মধ্যে রয়েছেÑ সিটি নির্বাচন, পৌরসভা, উপজেলা, ইউপি নির্বাচন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের উপনির্বাচন আয়োজন, কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, পেপার লেমিনেটেড এনআইডি প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, স্মার্ট এনআইডি বিতরণ, ১৮ বছরের কম বয়সিদের নিবন্ধন ও এআইডি প্রদান; প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন, এনআইডি মিনি আর্কাইভ স্থাপন, কুমিল্লায় ডিআরএস স্থাপন ও এনআইডির তথ্য অবকাঠামোর জন্য সাইবার সেন্সর সিস্টেম স্থাপন।