দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে এক হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সিলেট বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা যান। এর আগের দিনও হাম ও এর উপসর্গে একজনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬১ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে আরও ১১১ জনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৬৬ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।
ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৯৫ জনের শরীরে হামের উপসর্গ এবং ১০ হাজার ৬৩৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

