ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেত্রকোনা ও মৌলভীবাজার

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণ গেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:১৭ এএম

দেশের দুই জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে তিনজন এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুই ভাইসহ তিনজন রয়েছেন। তারা সবাই মাছ ধরতে গিয়েছিলেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে মাছ ধরতে যান উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রাজিব স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

অন্যদিকে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সকালে উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার : রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জেলেরা সিলেটের ফেন্সুগঞ্জ অংশে হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাইসহ তিনজন বজ্রপাতে মারা গেছেন। দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ ও কাবিল এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া। হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, কাবিল নামের এক জেলের মরদেহ হাওরের পানিতে তলিয়ে যায়। নিখোঁজ কাবিলের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওই তিনজন। দুপুরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তাদের নৌকার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রাজনগর থানার এসআই আলমগীর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ তিনজনের বজ্রপাতে মৃত্যু হয়। ইতোমধ্যে সাব্বির ও হামিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কাবিল নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন।