পুলিশ কর্মকর্তাকে ‘ঝুলিয়ে মারা’র নির্দেশদাতা অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেব।’ তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় রাশিদুল ইসলামকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
গত শনিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে (হেডকোয়ার্টার্স) রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তথ্য অনুসারে, সম্প্রতি নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সেখানে দেওয়া তার বক্তব্যের ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি, গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।’

