প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
তিন খ-ের এই বইটির লেখক কালাম ফয়েজী। জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে এ বইয়ে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে আগামী শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী : ‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, স্মরণসভায় জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও অংশ নেবেন।

