যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। গতকাল শনিবার ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) যৌথ উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পিত সড়ক নকশার মাধ্যমে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করার পাশাপাশি সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের আগে রেইজড ক্রসিং এবং গতিরোধক স্থাপন করে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
শফিকুল ইসলাম খান বলেন, সড়ক নিরাপত্তাসহ নগরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক। ডিএনসিসি ও ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ঢাকায় চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।
প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বিআরটিএর উপপরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর গোলাম রহমান এবং সার্ভিলেন্স কো-অর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী।

