বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করেন। ড. রফিকুল ইসলাম প্রায় ২৮ বছরের কর্মজীবনে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও প্রশাসনিক দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এজি) ডিগ্রি অর্জন করেন। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি দেশের জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকাবিজ্ঞানী হিসেবে পরিচিত। দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত জার্নালে তার ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার কাজে তিনি যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সন্তান ড. মো. রফিকুল ইসলাম ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।

