ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি উধাও, থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৬ এএম

গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে আলোচনা-গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে জানতে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

জানা গেছে, পালিয়ে যাওয়া ওই বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন। তিনি জানান, গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করেন।