ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা দুই দালাল আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১২ এএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে মো. শাকিল ও মনির নামে দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো. ইসহাক দেখতে পান, ওই দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিক টহলরত আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে বিষয়টি জানান।

খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের পুলিশে হস্তান্তর করা হয়।