রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গোয়েন্দা সংস্থা ও ঢাকা কাস্টম হাউসের যৌথ অভিযানে ফলের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। গতকাল রোববার পরিচালিত এক অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
গোয়েন্দা সংস্থা ও কাস্টম হাউস কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল একটি চোরাচালান চক্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

