রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।
এদিন সাক্ষ্য দেন সহকারী উপপরিদর্শক গ্রীশ চন্দ্র বর্মণ ও আজমল হোসেন। জামিনে থাকা আসামিরা আদালতে উপস্থিত থাকলে তাদের সামনেই সাক্ষীরা জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাদের জেরা করেন। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেনÑ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম এবং অলি আহমেদ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট। নৈশভোজ শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৮ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হলেও সাক্ষীদের জবানবন্দিতে নতুন তথ্য উঠে আসায় একই বছরের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অতিরিক্ত তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৯ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

