ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:৩০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের (বীর উত্তম) বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, পৃথক একটি শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম নান্নুকে জাতীয়তাবাদী আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।