সুবিধার মোড়কে লুকিয়ে থাকা পলিথিন আজ পৃথিবীর দীর্ঘস্থায়ী শত্রু; এর বিষক্রিয়ায় বিপন্ন হচ্ছেÑ আমাদের পরিবেশ ও আগামীর পৃথিবী। বিশ্বে প্রতি বছর ব্যবহৃত প্রায় পাঁচ লাখ কোটি পলিথিন ব্যাগের মাত্র এক শতাংশ প্রক্রিয়াজাত বা পুনর্ব্যবহার করা সম্ভব হয়। বাংলাদেশেও এ পরিস্থিতি ভয়াবহ। শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করেই যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। আধুনিক শহরের প্রাণভোমরা হলোÑ এর পয়োনিষ্কাশনব্যবস্থা; অথচ ঢাকার আশি শতাংশ জলাবদ্ধতার জন্য এই পলিথিনই এককভাবে দায়ী। এ ছাড়া অবৈধ কারখানায় তৈরি এসব প্লাস্টিক বর্জ্য ড্রেনেজ ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দেওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ধ্বংস করছে এবং নদীতে নাব্য-সংকট তৈরি করছে।
পলিথিন শত বছরেও মাটিতে পচে না। এর ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যানসার, লিভার বা কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাই মানুষের সুস্থতা, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পরিবেশবান্ধব এবং টেকসই সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে পাট হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প। পাট থেকে তৈরি পচনশীল ব্যাগ কয়েক মাসের মধ্যেই মাটিতে মিশে যায়। এর প্রচলন কেবল পরিবেশই রক্ষা করবে না, বরং শহরগুলোকে জলাবদ্ধতার ভয়াবহ বিপর্যয় থেকেও মুক্তি দেবে। তাই পলিথিনের বিষাক্ত ছোবল থেকে বাঁচতে ‘সোনালি ব্যাগ’ এখন শুধু বিকল্প নয়, বরং টিকে থাকার অপরিহার্য নিয়ামক।
বিজ্ঞানের অঙ্গনে সোনালি ব্যাগের উদ্ভাবন কেবল একটি পণ্য তৈরি নয়, বরং এটি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক নতুন ও ইতিবাচক দিকনির্দেশনা। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান টানা ২০ বছরের নিরলস গবেষণার ফসল হিসেবে পরিবেশবান্ধব এই বায়োপ্লাস্টিক উদ্ভাবন করেন। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি থেকে স্বর্ণপদক লাভ করেন। পাটের সেলুলোজ থেকে তৈরি এই ব্যাগে অর্ধেকেরও বেশি পরিমাণ সেলুলোজ বিদ্যমান। এটি দেখতে সাধারণ পলিথিনের মতোই স্বচ্ছ, হালকা ও পাতলা হওয়া সত্ত্বেও প্রচলিত পলিথিনের চেয়ে দেড় গুণ বেশি ওজন বহনে সক্ষম।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ব্যাগ মাটিতে ফেললে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ পচে মাটির সঙ্গে মিশে যায়; ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। বর্তমানে ডেমরার লতিফ বাওয়ানি জুটমিলে পরীক্ষামূলকভাবে প্রতিদিন এক হাজারেরও বেশি সোনালি ব্যাগ উৎপাদিত হচ্ছে, যা এর উজ্জ্বল কারিগরি সম্ভাবনারই প্রমাণ। দেশীয় বিজ্ঞানীর এই অবদান কেবল একটি উদ্ভাবন নয়; এটি প্রমাণ করে যে, সঠিক গবেষণার মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী সোনালি আঁশই হতে পারে বিশ্বের সবচেয়ে বড় পরিবেশবান্ধব সমাধান। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় একে এমন একটি বহুমুখী সম্ভাবনাময় পণ্যে রূপান্তর করাটা সন্দেহাতীতভাবে এক অনন্য বৈজ্ঞানিক সাফল্য।
প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে সোনালি ব্যাগ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের দৈনন্দিন অভ্যাসে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের তথ্য অনুযায়ী, মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ভয়ংকর পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প হিসেবে সোনালি ব্যাগের ব্যবহার উৎসাহিত করা অত্যন্ত জরুরি। এর উৎপাদনপ্রক্রিয়া সহজতর করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ানো ও পণ্যটি সহজলভ্য করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গবেষণায় এটিও প্রমাণিত হয়েছে যে, সোনালি ব্যাগ সাধারণ পলিথিনের তুলনায় অনেক বেশি মজবুত এবং এর স্থায়িত্বও সন্তোষজনক। তাই জনসচেতনতা তৈরির মাধ্যমে যদি এই ব্যাগের ব্যবহার ব্যাপকভাবে শুরু করা যায়, তবে প্লাস্টিক দূষণমুক্ত একটি নির্মল পৃথিবী গড়ে তোলা মোটেও অসম্ভব কিছু নয়।
সোনালি ব্যাগ কেবল দেশের অভ্যন্তরীণ পরিবেশ রক্ষাতেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনৈতিক দুয়ার খুলে দেওয়ারও এক অপার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এর ব্যাপক চাহিদা আসছে। দেশে প্রায় আট লাখ হেক্টরের বেশি জমিতে পাট চাষ হয়। সোনালি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন পাটচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি লাখো নতুন কর্মসংস্থান তৈরি করবে। রপ্তানিমুখী শিল্পে এই ব্যাগের ব্যবহার বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। সুতরাং, সোনালি ব্যাগ কেবল পরিবেশই বাঁচাবে না, এটি আমাদের হারানো সোনালি আঁশকে আবারও সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দেওয়ার এক অনন্য হাতিয়ার।
একটি দূষণমুক্ত সুন্দর ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের সুরক্ষায় সোনালি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি একান্তই প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পলিথিন বন্ধ করার চেয়ে সোনালি ব্যাগের মতো সাশ্রয়ী ও কার্যকর বিকল্পকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনপ্রিয় করে তোলাই হবে বুদ্ধিমানের কাজ। সরকারের নীতিগত সহায়তা, শুল্ক ছাড় এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার মাধ্যমে এই পরিবেশবান্ধব উদ্যোগকে একটি লাভজনক বৈশ্বিক শিল্পে রূপান্তর করা সম্ভব। আমরা যদি আজ প্লাস্টিকের বিষাক্ত থাবা থেকে আমাদের নদী, মাটি ও বাতাসকে রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হবে। তাই আসুন, আমরা সবাই মিলে এই যুগান্তকারী উদ্ভাবনকে সাফল্যের চূড়ান্ত মঞ্চে নিয়ে যাই। কারণ, একটি সবুজ ও টেকসই পৃথিবীর জন্য ‘সোনালি ব্যাগ’ই হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

