১ যুগ পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যেই শেষ করেছেন শিল্পী।
ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা। তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম। যেমনটা ছিল তার প্রথম অ্যালবাম ‘বালাম’-এ।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছিÑ একটি করে গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন।
একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। শ্রোতারাও একসঙ্গে অনেক রকম গানের বৈচিত্র্য খুঁজে পান।’
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে। পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।
‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তার চারটি অ্যালবাম ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের বেশ কয়েকটি গান তুমুল শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই শিল্পীকে। অভিনয়ের পাশাপাশি সিনেমার দুটি গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন বালাম। দীর্ঘ বিরতির পর এই শিল্পী ২০২৩ সালে চিত্রতারকা শাকিব খানের সিনেমায় ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন