ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শুটিংয়ে টালিউড, নিষিদ্ধ ম্যাজিক মোমেন্টস

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৩০ এএম

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পথে নেমেছিলেন টালিউডের চিত্রকর্মীরা। গত শনিবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে এক প্রতিবাদ মিছিল বের করেন তারা। তবে কলকাতার আর্টিস্ট ফোরাম অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংগঠনটি।

টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিলেন টালিউডের চিত্রকর্মীরা। গত মঙ্গলবার টালিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আপাতত কাজ করবেন না কোনো চিত্রকর্মী। গতকাল থেকে পুনরায় শুটিংয়ে ফিরেছেন চিত্রকর্মীরা।

প্রসেনজিত চ্যাটার্জি বলেন, ‘যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে, সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ।’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর খুব সম্প্রতি বন্ধ হয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিক। এটি প্রযোজনা করছিল ম্যাজিক। তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং। আপাতত সেটাও বন্ধ থাকবে। ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। এই একই সিদ্ধান্ত সে ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থার সঙ্গে টালিপাড়ার কেউ কাজ করবে না। সবার নিরাপত্তার কথা ভেবেই আমরা একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু প্রযোজক হিসেবে নয়, লেখিকা লীনা গাঙ্গুলি যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেসব ধারাবাহিকেও আপাতত আর কাজ করতে চাইছেন না চিত্রকর্মীরা।

আরও জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটি নিষিদ্ধ থাকবে। অদূর ভবিষ্যতে যদি প্রযোজনা সংস্থা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আবার তাদের সঙ্গে কাজ করা হবে। যতক্ষণ না প্রশাসন রায় দিচ্ছে, যতক্ষণ না পুরো ঘটনার একটি ইতিবাচক সমাপ্তি ঘটছে, ততক্ষণ এই সিদ্ধান্তে সকলে অনড় থাকবেন। তা ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে কলাকুশলীদের নিরাপত্তার জন্য এসওপি আনা হবে।