× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২৮ এএম

সবকিছু স্বপ্নের মতো লাগছে

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২৮ এএম

সবকিছু স্বপ্নের মতো লাগছে

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নামের মতোই কাজে চমক দিতে চান। তাই তো কমিয়েছেন কাজ। গল্পনির্ভর পছন্দমতো কাজেই এখন তাকে দেখা যায়। তার প্রমাণও মিলেছে অনেকবার। তার ক্যারিয়ারে একের পর এক চমক যেন অবাক করে দেওয়ার মতো। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যেসব তারকা ছিলেন জনগণের পক্ষে, দেশের পক্ষেÑ তাদের মধ্যে অন্যতম এই অভিনেত্রী। অশান্ত সেই দিনগুলোয় যারা ছাত্র-জনতার এমন অকুতোভয় সংগ্রামের সঙ্গে গেয়েছেন সাম্যের গান সেখানেও ছিল চমকের নাম। সম্প্রতি এই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র নিয়েছেন। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন চমক নিজেই।

এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গত শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে। এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, ‘জুলাইয়ের পর থেকে অনেক রাজনৈতিক দলই চেষ্টা করেছে যে, তাদের দলে যেন আমি যোগ দেই। কিন্তু কখনো নির্দিষ্ট দলে যোগ দিতে চাইনি। আমি দেশের জন্য অনেক বড় পরিসরে কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেই কাজের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি যেহেতু নারীদের জন্য কাজ করতে চাই সেই জায়গা থেকে বিএনপি নারীদের সেই অগ্রাধিকারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। অন্য রাজনৈতিক দল নারীকে যেভাবে দেখে সেই দর্শন আমার সঙ্গে যায় না। অনেক আগেই আমার মতো করে দেশের জন্য কাজ শুরু করেছি। বাংলাদেশকে পৃথিবীর কাছে বর্ণনা করার জন্য কাজ শুরু করি। এ রকম অনেক কাজই করছি। বড় পরিসরে করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গা থেকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছি। দলের সবাই আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। সবাই বলছেন, দলে আমার মতো মানুষ দরকার। কখনো চিন্তাও করিনি তারা এভাবে আমাকে গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ছাড়াও নারী থেকে শুরু করে প্রতিটি মানুষ আমাকে নিয়ে ইতিবাচক। তারা আমাকে চান। নতুন অভিজ্ঞতায় খুবই ভালো লাগছে। এটা আমার জন্য অন্যরকম পাওয়া।’

মনোনয়নের ব্যাপারে কতটা আশাবাদী, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে কথা বলে সবকিছু ইতিবাচক মনে হচ্ছে।’ চমকের ভাষ্য, ‘আমার মোবাইল নম্বর রাখা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে আমি বিএনপিকে সার্ভ করতে চাই কিনা? আমি বলেছি, হ্যাঁ চাই। তবে, সবার আগে আমি দেশকে সার্ভ করতে চাই। বিএনপি যদি আমাকে সেই প্ল্যাটফর্মটা দেয় তবে নিশ্চয়ই আমি বিএনপিকে সার্ভ করতে চাই। বিএনপি যেমন আমাকে নিয়ে আগ্রহী, তেমন আমিও আগ্রহী। তারা চান দলের সঙ্গে আমি কাজ করি। আমি নিজেও দেশের জন্য কাজ করতে চাই। সবকিছু ঘোরের মতো, স্বপ্নের মতো লাগছে। গতকালও দলের বেশ কয়েকজন ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এই ভালোবাসা অন্যরকম ভালো লাগা কাজ করছে।

সুযোগ পেলে কোন কাজ আগে করবেন জানতে চাইলে চমক বলেন, ‘আমাকে দল সুযোগ দিলে শুরুতেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করব। রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এখনো পুরুষদের মতো না। সংসদে নারী সদস্য নেই বললেই চলে। জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সেই জায়গা থেকে নারীরা তুলনামূলক কম রাজনীতিতে যুক্ত আছেন। আমার প্রথম কাজ হচ্ছে নারীর কণ্ঠকে আরও শক্তিশালী করা। দেশের সংস্কৃতি অঙ্গন আরও শক্তিশালী করব। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে আরও সুন্দরভাবে তুলে ধরব। ছয় ঋতু, বারো মাসে তেরো পার্বণ এবং দেশের পুরোনো পটচিত্র, বিভিন্ন ধরনের শিল্প নিয়ে যেসব সিনেমা হবে সেগুলো করব। অ্যাকশন, মারামারি ও কাটাকাটির সিনেমা করতে চাই না। দেশকে প্রতিনিধিত্ব করে এমন সিনেমা চাই।’

জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাজনীতিতে যুক্ত না হলেও নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরলে আমি দেশে থাকত পারব না। এরই মধ্যে আমার নামে নানা রকম মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আমি নতুন না। সব সবসময়ই রাজপথে সরব ছিলাম। তবে ট্যাগ ছিল না। সেটা এবারই প্রথম নামের সঙ্গে যুক্ত হয়েছে। সবসময় আমি রাজনৈতিক সচেতন নাগরিক ছিলাম। পেছনে কে, কী বললÑ এসব নিয়ে ভয় পাই না। যা হারানোর আগেই হারিয়েছি। নতুন করে হারানোর কিছু নেই।’

অভিনয়ে আলো-ছায়ার গল্পে নিজস্ব এক অবস্থান তৈরি করেছেন চমক। মডেলিং থেকে অভিনয়, কনটেন্ট ক্রিয়েশনে নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করেন এই অভিনেত্রী। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু। তবে গ্ল্যামারের সেই প্রথম পরিচয়কে খুব দ্রুতই অভিনয়ের গভীরতায় নিয়ে যান তিনি। ২০২০ সালে অভিনয় শুরু করে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন চমক। এরই মধ্যে একাধিক জনপ্রিয় নাটক, ওয়েব কনটেন্টে তার উপস্থিতি তাকে পরিচিত মুখে পরিণত করে। সময়ের সঙ্গে সঙ্গে কাজের সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন চমক। যে কারণে কাজের সংখ্যা কমিয়ে মানে নজর দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি আলোচনায় এসেছে।

অভিনয়ে বিরতি থাকলেও থেমে নেই চমকের সৃজনশীলতা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করছেন নানা ধরনের কনটেন্ট। বিশেষ করে শিক্ষামূলক ও ঐতিহ্যভিত্তিক ভিডিও দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ফকির লালন সাঁইয়ের জীবনদর্শন, কুষ্টিয়ার ঐতিহ্য, লালনের গানের সঙ্গে আত্মিক সম্পর্কÑ এসব বিষয় তুলে ধরে নির্মাণ করা তার ভিডিওগুলো দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। গামছা নিয়ে নির্মিত একটি কনটেন্টও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত।

চমকের মতে, আমি সংসদে গেলেও কনটেন্ট নির্মাণ থেমে থাকবে না। আগের মতোই সরব থাকব। অভিনেত্রী বলেন, ‘আমি কনটেন্ট উপভোগ করি। এটা নিয়মিত করব, কখনোই ছাড়ব না। অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছি। ভালো কিছু না হলে করব না। আমার কনটেন্টের মতো সিনেমা করতে চাই। আমার কনটেন্টের জন্য মানুষ অপেক্ষা করেন। আমি বিশ্বাস করি, এ রকম সিনেমা বানালে মানুষ দেখবেন। সংসদে গেলেও বছরে এক-দুটি সিনেমা করব।’

বিগত সময়ে শোবিজের যে সব শিল্পী সংসদে গিয়েছেন, তাদের সংস্কৃতি উন্নয়নে ভূমিকা রাখতে দেখা যায়নি। সেই জায়গা থেকে চমকের পরিকল্পনা জানতে চাইলে বলেন, ‘আমি দেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের সিনেমা বানাতে চাই। ‘হাওয়া’ বাংলাদেশের সিনেমা। এমন দেশীয় সিনেমা বানাতে চাই যেটা বিশ্বব্যাপী সুনাম বয়ে আনবে। শিল্পীদের শেষ বয়সে নানা সমস্যায় পড়তে হয়। তাদের জন্য কিছু করতে চাই। কখনো শিল্পীদের ব্যক্তিগত উন্নয়ন হয়নি। এই জায়গায় আমার গুরুত্ব থাকবে। শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। শিল্পীদের উন্নয়নে যা যা দরকার সবই করতে রাজি আছি।’

সাহসী বক্তব্য ও স্পষ্টভাষিতার জন্যও পরিচিত চমক। নানা অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে বরাবরই সংকোচহীন। অভিনেত্রী মনে করেন, সৃষ্টিকর্তা তাকে মানুষকে প্রভাবিত করার যে ক্ষমতা দিয়েছেন, তা দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত। অন্যায়ের সঙ্গে আপস না করা এবং ভক্ত-অনুসারীদের সচেতন করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন। আলো-ছায়ার এই পথচলায় চমক যে থেমে যাওয়ার মানুষ নন, সেটি স্পষ্ট। ভালো কাজ দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়াই অভিনেত্রীর একমাত্র লক্ষ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!