দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, গতকাল দিলু মজুমদারের প্রথম জানাজা জোহরের নামাজের পর, এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে অনুষ্ঠিত হয়। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া দ্বিতীয় জানাজা হয় বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। এই অভিনেতার ছেলে আজ দেশে পৌঁছানোর পরে তাকে উত্তরাতে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা। বিশেষ করে নাট্যদল আরণ্যের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
নাট্য অঙ্গনে অভিনেতা দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।

