ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রচারে নেই বুবলী, ববি, মাহি ও পূজা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:২০ এএম

বেশ কয়েক বছর ধরেই ঢাকাই সিনেমা হয়ে পড়েছে ঈদকেন্দ্রিক। প্রযোজক ও পরিচালকরা শুধু দুই ঈদ ঘিরেই সিনেমা মুক্তি দিতে চান। এ নিয়ে তাদের ভাষ্য, দুই ঈদেই দর্শক সিনেমা দেখতে হলে আসে। বছরের অন্য সময় প্রত্যাশিত দর্শক পাওয়া যায় না। যে কারণে ঈদের প্রথম দিন থেকেই তারকা, পরিচালক ও কলাকুশলীদের আনাগোনায় জমে ওঠে দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলো। দর্শকের সঙ্গে সরাসরি দেখা তাদের প্রতিক্রিয়া শোনা সব মিলিয়ে ঈদ সিনেমার প্রচারণা যেন একেবারেই হলভিত্তিক উৎসবে রূপ নেয়। এবারও দেখা যাচ্ছে এমন চিরচেনা দৃশ্য।

আছে ব্যতিক্রম চিত্রও। প্রচারে নেই শবনম ইয়াসমিন বুবলী, ইয়ামিন হক ববি, মাহিয়া মাহি ও পূজা চেরি। জানা গেছে, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নয়টি সিনেমা। আর সিনেমা হল খুলেছে ১৬০টি। পাশাপাশি রয়েছে সিনেপ্লেক্স। নয়টি সিনেমার মধ্যে আছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘পিনিক’, ‘বনলতা সেন’, ‘অফিসার’, ‘তছনছ’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

‘পিনিক’ সিনেমার প্রচারে চিত্রনায়ক আদর আজাদ, পরিচালক জাহিদ জুয়েল ও প্রযোজক আশরাফ কিটুকে দেখা গেলেও নেই কেন্দ্রীয় চরিত্রের শবনম বুবলী। গত রোজার ঈদের আগে থেকেই লাপাত্তা এই নায়িকা। খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতেই উধাও হয়েছেন ‘অহংকার’ সিনেমার বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমার প্রচারে নেই এই নায়িকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক। তার দাবি, প্রচারে অংশ না নেওয়া সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা।

এদিকে, ‘পিনিক’ সিনেমার প্রযোজকের বিরুদ্ধে অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ না করেই সিনেমা মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অনেকে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রযোজক আশরাফ কিটু দায় চাপিয়েছেন সহ-প্রযোজক শিমুল খানের ওপর। তবে এই সহ-প্রযোজক বলছেন ভিন্ন কথা।

অনুসন্ধানে জানা গেছে, সিনেমাটির ডিওপি ফরহাদ হোসেন প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা, শিল্প নির্দেশক রহমতুল্লাহ বাসু ৫ লাখ ৪ হাজার টাকা এবং সহকারী পরিচালক টিম প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পাওনা রয়েছেন। এ ছাড়া অভিনেতা আদর আজাদ, এ কে আজাদ সেতুসহ আরও কয়েকজন কলাকুশলীও পাওনাদারের তালিকায় রয়েছেন বলে জানা গেছে।

‘মাসুদ রানা’ সিনেমারর প্রচারে প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী হলে হলে ঘুরলেও সঙ্গে নেই পূজা চেরি। নায়িকার বাবার প্রতারণার মামলা সামনে আসায় গণমাধ্যম এড়িয়ে চলছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারে নীরব পূজা।

প্রযোজক আব্দুল আজিজ জানান, পূজাকে প্রচারে অংশ নিতে বললেও নায়িকা কেন প্রচারে আসছেন না, তা তিনি জানেন না। এ ছাড়া ‘অফিসার’ ও ‘তছনছ’ সিনেমার প্রচারেও আসেননি দুই নায়িকার কেউ। অফিসারের নায়িকা মাহিয়া মাহি চব্বিশের গণঅভ্যুত্থানের পর জুলাই হত্যা মামলার এই আসামি নীরবে দেশত্যাগ করেন। মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকলেও ‘অফিসার’ নিয়ে প্রচারণায় নীরব।

অন্যদিকে, ‘তছনছ’ সিনেমায় অভিনয় করা ইয়ামিন হক ববি দেশে থাকলেও অংশ নেননি প্রচারে। তার বিরুদ্ধে চলচ্চিত্র সংগঠনগুলোতে অভিযোগ করবেন বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক মুন্না খান। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো নায়িকাদের নিয়ে হল ভিজিটে ব্যস্ত সময় পার করলেও সঙ্গে নেই শাকিব খান। আগেও কোনো সিনেমার প্রচারে হল ভিজিটে অংশ নিতে দেখা যায়নি শাকিবকে। তবে নির্মাতা জানিয়েছেন, অচিরেই সবার সঙ্গে ‘রকস্টার’ উপভোগ করবেন শাকিব খান।

এবারের ঈদুল আজহায় শুরুতে এক ডজনের বেশি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে দেশের ১৮১টি প্রেক্ষাগৃহে, যার সিংহভাগই চিত্রনায়ক শাকিব খানের দখলে। প্রতি ঈদের মতো এবারও ঈদের মূল প্রাণ ছিলেন এই তারকা, যার সিনেমা মুক্তি পাওয়ার খবরেই খুলে যায় বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ। এবারও শাকিবের ধারে কাছে নেই কোনো অভিনয়শিল্পী।

ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সাড়া জাগিয়ে এগিয়ে রয়েছে ‘রকস্টার’। দেশের ১০৩টি সিনেমা হলে চলছে সিনেমাটি। পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতেও সাড়া জাগাচ্ছে ‘রকস্টার’। মুক্তির পরদিনই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হয়েছে সিনেমাটির শো।

এ ছাড়াও অ্যাকশননির্ভর গল্প নিয়ে তৈরি ‘মালিক’ সিনেমাটি দর্শকদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমাটি দেশের ৩৫টি সিনেমা হলে চলছে। অনেক শো-ই ইতোমধ্যে হাউসফুল। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘ সাত বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছে এই জুটি।

‘হাওয়া’খ্যাত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। বিভিন্ন হলে গিয়ে টিম সদস্যরা দর্শকের প্রতিক্রিয়া নিচ্ছেন। বেশ কিছু শো ইতোমধ্যে হাউসফুল হওয়ায় সিনেমাটির আলোচনা আরও বেড়েছে। খ্যাতিমান পরিচালক বদিউল আলম খোকনের ‘অফিসার’ ও ‘তছনছ’ নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। এ ছাড়া সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া জাহিদ জুয়েলের ‘পিনিক’-ও সেভাবে দর্শক টানতে পারছে না। সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ নিয়ে প্রশংসার সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই সিনেমার সমালোচনা। গল্পের অসামঞ্জস্যতা, দুর্বল এআইয়ের ব্যবহার নিয়ে ট্রলের শিকার হচ্ছে সিনেমাটি।

অন্যদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘বনলতা সেন’ মাল্টিপ্লেক্সে চলছে ৮টি স্ক্রিনে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবং সহ-প্রযোজক তরুণ মজুমদারের মধ্যকার আর্থিক দ্বন্দ্বের আইনি জটিলতায় সামনে আসায় দর্শকখরায় ‘বনলতা সেন’। ঈদের বাকি সিনেমাগুলো গড়পড়তা চলছে বলে জানান সিনেমা হল মালিকরা। শেষ পর্যন্ত কোন সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়, তা এখনই বলা মুশকিল।