ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কলকাতার সিনেমায় দীপের গান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:৫১ এএম

ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা দীপেন্দু বিশ্বাসের জীবনকাহিনি নিয়ে টালিউডে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘দীপু’। সংগীত পরিচালক শ্রী প্রীতম পরিচালিত এই সিনেমার দুটি গানের গীতিকার বাংলাদেশের সুদীপ কুমার দীপ।

সিনেমাটির জন্য জনপ্রিয় গীতিকার দীপ লিখেছেন ‘কেন জানি না’ এবং ‘ফেরে না দুচোখ’ শিরোনামের দুটি গান। গান দুটির সুর করেছেন শ্রী প্রীতম। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও বর্ষা।

টালিউডের এই প্রজেক্টে যুক্ত হওয়া প্রসঙ্গে সুদীপ কুমার দীপ বলেন, ‘দীপু সিনেমার জন্য যখন প্রীতম দাদা গান লিখতে বললেন, খুব ভালো লেগেছে। ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে আগে থেকেই চিনতাম। আমি নিজেও ফুটবল ভালোবাসি। তাই যখন জানলাম তাকে নিয়ে সিনেমা হচ্ছে, তখনই কাজটি করতে রাজি হয়ে যাই। দুটি গানই রোমান্টিক ঘরানার।’

তিনি জানান, এর আগেও কলকাতার বিভিন্ন অডিও ও চলচ্চিত্র প্রকল্পে কাজ করেছেন। পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে তার ৫০টি গানের চুক্তি রয়েছে। এরই মধ্যে কয়েকটি গান প্রকাশ পেয়েছে। সামনে আরও কয়েকটি সিনেমায় তার লেখা গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

দীপেন্দু বিশ্বাসের বায়োপিকধর্মী এই সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন স্বয়ং দীপেন্দু। নিজের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে অভিনেতা আমান মুনশিকে। দীপুর কোচের ভূমিকায় অভিনয় করছেন সোহম চক্রবর্তী।

এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা ও বিশ্বনাথ বসুসহ অনেকে।

জানা গেছে, ‘দীপু’ সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।