ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:৫১ এএম

ভালো নেই দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার স্ত্রী মেরী মনোয়ার বলেন, ‘মুস্তাফা মনোয়ার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত (নিউমোনিয়ার ব্যাকটেরিয়া হলো একদল ক্ষতিকারক জীবাণু, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়) হয়েছেন। এ ব্যাকটেরিয়াটা খুব খারাপ। নিউমোনিয়ার মধ্যে অনেক রকম নিউমোনিয়া আছে। এ ছাড়া অন্য যে সমস্যাগুলো ছিল ওগুলো এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে।’

জানা গেছে, গত দুই বছর ধরে মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। প্রায়ই তাকে হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করে মুস্তাফা মনোয়ার কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞানে ভর্তি হন। সেখানে তিনি পড়াশোনা না করে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন।

কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পাওয়া এই শিল্পী বর্ণিল কর্মজীবনে আরও অনেক পুরস্কার পেয়েছেন।