ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শিল্পী সমিতিতে যোগ্য প্রার্থী চান ওমর সানী-অমিত হাসান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:১৩ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রতিবারই আলোড়িত হয় এফডিসিপাড়া। তবে সাম্প্রতিক সময়ে এই নির্বাচন ও সংগঠনের কার্যক্রম নিয়ে চলচ্চিত্র অঙ্গনের সিনিয়র তারকাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। সেই ক্ষোভেরই এক বিস্ফোরক বহিঃপ্রকাশ ঘটল ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক অমিত হাসান ও ওমর সানীর সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে। তাদের এই স্ট্যাটাস ও মন্তব্য এফডিসির বর্তমান করুণ দশাকেই যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে যৌথভাবে চিত্রনায়ক ওমর সানী ও অমিত হাসান লিখেন, ৩ জুলাই (আজ) শিল্পী সমিতির নির্বাচন। যার কারণে শিল্পীদের মাঝে বিভাজন তৈরি হয়েছিল (সে পলাতক বিদেশে আছে) তার গড়া কয়েক জনকে চিহ্নিত করুন। মানুষ ভুল করে এক বার দুই বার, তবে বারবার নয়। আরেক স্ট্যাটাসে অমিত হাসান যোগ্য প্রার্থী নির্বাচিত করতে বলেছেন।

তাদের স্ট্যাটাস ঘিরে চলচ্চিত্রপাড়া তোলপাড়। কার জন্য শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল সে কথা তারা স্পষ্ট ভাবে না লিখলেও অনেকেই মন্তব্য ঘরে লিখেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের নাম। কারণ, এই নায়কের কারণে একাধিকার শিল্পী সমিতি আলোচনায় আসে। আবার অনেকেই সমিতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

একসময়ের তারকাবহুল ও জমজমাট এফডিসি আজ যেন অনেকটাই ফাঁকা। সিনেমা নির্মাণের সংখ্যা কমে যাওয়ায় শিল্পীরা যখন কর্মহীন, তখন শুধু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই মাতামাতিকে এক ধরনের প্রহসন বলেই মনে করছেন গুণী তারকারা।